সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি’র দুইদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন।
নগদ লেনদেনের ঝুঁকি কমিয়ে গ্রাহকদের স্মার্ট ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
বুধবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার চৌধুরী কমপ্লেক্সে এ উপলক্ষে একটি বিশেষ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ ফখরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দিকে গ্রাহকদের এগিয়ে নিতে এই ক্যাশলেস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুইদিনব্যাপী এ কার্যক্রমে ব্যক্তি ও ব্যবসায়িক উভয় পর্যায়ের গ্রাহকদের দ্রুত সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নতুন ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, বায়োমেট্রিক নিবন্ধন, নিরাপদ লেনদেন ব্যবস্থা এবং পূবালী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও ডিজিটাল ফান্ড ট্রান্সফার সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সহায়ক হবে এবং নগদবিহীন আধুনিক লেনদেন ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াবে।
সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফখরুল আলম বলেন,পূবালী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। আমরা আশা করছি, এই উদ্যোগ ফুলবাড়ীয়া অঞ্চলে ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করবে এবং মানুষের জীবনযাত্রা সহজ করবে।