ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ প্রতিনিধি: নতুন আশা, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা ও শোককে পেছনে ফেলে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস।
১লা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র মাসকান্দা নতুন বাজারে অবস্থিত কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় পান্তা-ইলিশ ভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে পুরাতন গ্লানি ভুলে নতুন উদ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
কলেজের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং মানবসম্পদ, অর্থ ও হিসাব শাখার প্রধান দিদার হোসেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দিনটি উপভোগ করেন কলেজের সকল শ্রেণির অংশগ্রহণকারীরা।