ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহে ৬ষ্ঠ আন্তঃকলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা২০২৫ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সময় ইন্টারনেট ও টেলিভিশনের ব্যবহার সীমিত ছিল, ফলে খেলাধুলাই ছিল বিনোদন ও প্রতিযোগিতার প্রধান মাধ্যম। সে সময় বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ কম থাকলেও বর্তমান প্রজন্ম সেই সুযোগ পাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। দলীয় খেলাধুলা আমাদের শেখায় কীভাবে নেতৃত্বকে অনুসরণ করে সম্মিলিতভাবে সাফল্য অর্জন করা যায়। রাষ্ট্র পরিচালনাতেও সঠিক নেতৃত্ব ও শৃঙ্খলা একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নেয়।
বক্তব্যের শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও মনোযোগী হতে হবে। নিজেকে সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।