ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর আওতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা বেগম (পিটিআই)। তিনি ফুলবাড়ীয়া পৌরসভার পাঁচ কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
গত ২০ মে ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ বাছাই প্রক্রিয়ায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্ববোধ, সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফারজানা বেগমকে এ সম্মাননায় নির্বাচিত করা হয়েছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সহকারী শিক্ষিকা ফারজানা বেগম বলেন,
এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সবসময় শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাকে মূল্যায়ন করায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সহকর্মী ও সবার প্রতি আমি কৃতজ্ঞ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,
“ফারজানা বেগম একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে আধুনিক ও আনন্দমুখর শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করেন, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার এই স্বীকৃতি অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন,একজন আদর্শ শিক্ষকই পারে একটি প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। ফারজানা বেগম অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি ফুলবাড়ীয়া উপজেলার শিক্ষা পরিবারের জন্যও গর্বের বিষয়।