ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডা. সাইফুল ইসলামকে রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধি ফুল দিয়ে বরণ করে নেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি কলেজ ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আমি নিতে আসিনি, দিতে এসেছি নবাগত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডা. সাইফুল ইসলাম বলেন,আমি এই কলেজ থেকে কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। শিক্ষকরা দেশ গড়ার কারিগর। রাজনীতি মুক্ত পরিবেশে এক ছাতার নিচে থেকে কাজ করতে হবে। দলাদলি নয়, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমেই ফলাফল উন্নত করা সম্ভব।
তিনি আরও বলেন,আমি বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকারী টেডিওলজিস্ট। ইনশাআল্লাহ ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজকে প্রথম শ্রেণির কলেজে রূপান্তর করব। বর্তমানে এইচএসসি পরীক্ষার ফলাফল ১৭ শতাংশ হলেও আগামীতে এ কলেজ উপজেলায় সেরা ফলাফল অর্জন করবে।
নিজের ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন,আমি ছাত্র জীবনে চার মাইল হেঁটে স্কুলে যেতাম। ১৯৭২ সালে উসমানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। সেই শিক্ষার আলো আজও আমাকে অনুপ্রাণিত করে।
শিক্ষকদের প্রত্যাশা নবাগত সভাপতির নেতৃত্বে কলেজ এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, প্রভাষক আসমাউল হুসনা, অভিভাবক প্রতিনিধি লুৎফুর রহমান মাস্টার প্রমুখ।
সাবেক গভর্নিং বডির সদস্য আজাহারুল আলম রিপন বলেন,আমি এই কলেজের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধি ছিলাম। কলেজের পক্ষে কাজ করতে গিয়ে একাধিক মামলা মোকাবিলা করেছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে নবাগত সভাপতির নেতৃত্বে কলেজকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার।
সহকারী অধ্যাপক শাকিলা বলেন,আমাদের দুঃসময়ে পাশে কেউ থাকে না। তবে আমরা নিজেদের দায়িত্বে কাজ চালিয়ে যাই। আশা করি, নবাগত সভাপতির হাত ধরে ফুলবাড়ীয়া কলেজের উন্নয়ন হবে।
সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম বলেন,এই কলেজে অনেক সভাপতি এসেছেন অনেকেই আশার বাণী শুনিয়েছেন, কিন্তু পরিশেষে কিছুই পাইনি। তবে এবারের সভাপতি ভিন্ন,তার নেতৃত্বে সত্যিকারের পরিবর্তন হবে বলে বিশ্বাস করি।
সভাপতি ডাঃ সাইফুল ইসলাম তিনি আরও বলেন,কলেজে কোনো দলাদলি চলবে না। শিক্ষকরা আন্তরিক হলে, শিক্ষার্থীরাও সিনসিয়ার হলে ফলাফল অবশ্যই উন্নত হবে। আমাদের লক্ষ্য ফুলবাড়ীয়া কলেজকে মর্যাদাপূর্ণ এক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।
আলোচনা ও মত বিনিময় শেষে কলেজ ছাত্রদল, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক ছাত্র নেতা গংরা পৃথক পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানান।