ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ফুলবাড়ীয়ার কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলা সদর এলাকায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং মৎস্যজীবী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং করিম সরকারের রাজনৈতিক সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, করিম সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন।
আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, যুবসমাজকে সংগঠিত করা এবং দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে। করিম সরকারের এই অর্জন ফুলবাড়ীয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলেও তারা মন্তব্য করেন।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, জেলা যুবদল নেতা সরকার শহীদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক ডাঃ মোজাম্মেল হক, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, যুবদল নেতা ইকবাল, সাত্তার, আকরাম শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।